বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে গেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরো একটি বাল্কহেড চরে আটকা পড়েছে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. এনামুল হক।

তিনি জানান, ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রামসংলগ্ন মেঘনায় পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কেউ নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জসংলগ্ন মেঘনায় একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া একটি বাল্কহেড চরে আটকা পড়েছে।