নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ থেকে এজাহারভুক্ত আরেক আসামি সামছুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নোয়াখালীর পিবিআই গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করে।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় আরো দুই আসামির রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আজ বেলা ২টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়।
এর আগে গতকাল বুধবার ভোরে এই দুই আসামির একজন আবুল কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে র্যাব-১১। তাকে ওইদিন রাতেই বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। একইদিন রাতে বেগমগঞ্জে অভিযান চালিয়ে অপর আসামি মাঈন উদ্দিন সাহেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আসামি কালামের বিরুদ্ধে তিনটি মামলায় প্রত্যেকটিতে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। অপর আসামি সাহেদের বিরুদ্ধে দুটি মামলায় প্রত্যেকটিতে ৪ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দুটি দায়ের করেন। উভয় মামলায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে।










