নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে মা-ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে নিখোঁজ মো. লাবু চৌকিদারের (৩২) মরদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত লাবু কালিয়া  উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে বেলা ১টার দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে নৌকাডুবির ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল (২৭), এনামুল মণ্ডলের জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম জানান, নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। অন্য দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে বাহিরডাঙ্গা খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় মা ও ছেলের মৃত্যু হয়।