কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের জন্য যুক্ত হয়েছে আরো একটি বিনোদন স্পট দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী গোলদীঘি পুকুর। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বাস্তবায়নে ঐতিহ্যবাহী লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটা পুকুর পুনর্বাসনসহ ভৌত সুযোগ-সুবিধার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার রাতে ওয়াটার মিউজিক্যাল শো ও হাজারো দর্শনার্থীর করতালির মধ্য দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোলদীঘি পুকুরের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটা পুকুরের সৌন্দর্যবর্ধন পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এজন্য তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমদের সভাপতিত্বে   বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ময়মনসিংহ-১০-এর সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।