নরসিংদীর রায়পুরা উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনিধি রেলস্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, সকালে রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মরদেহে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আনুমানিক ১৬ বছর বয়সী ওই কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।