লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউয়িনের একটি খালের পাশ থেকে মো. সুলতান মিয়া (৩৪) নামের এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুলতান মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী (দর্জিপাড়া) এলাকার মো. গফুর মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকায় একটি খালের পাশে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের বাবা গফুর মিয়া বলেন, সুলতান মিয়া গতকাল সোমবার সকালে অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আসে। এরপর আর বাড়ীতে ফিরেনি। কেন লালমনিরহাটে এনে তাকে হত্যা করা হয়েছে, আমরা জানি না। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। 

মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, ওসি এটিএম গোলাম রসুলসহ পিবিআই ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এখন পর্যন্ত মোটিভ উদ্ধার করা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।