দীর্ঘ প্রতীক্ষার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নদীপথে ফেরি চলাচল শুরু হলেও উদ্বোধনের ২৫ দিনের মাথায় তা বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং নদীভাঙনের কারণে পন্টুনের নিচের মাটি সরে যাওয়ায় শনিবার বিকাল থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, রৌমারী ঘাটে পন্টুনের র‌্যামের নিচে মাটি সরে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে মাটি ভরাটের কাজ চলমান। দ্রুত কাজ শেষ হলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের সঙ্গে দেশের নৌপথে যোগাযোগ স্থাপন ও চিলমারী নৌবন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ২০ সেপ্টেম্বর ফেরি চালু ও বন্দরের উন্নয়নকাজ উদ্বোধন করা হয়। তবে মাত্র ২৫ দিনের মাথায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে গতকাল ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে যানজট সৃষ্টি হয়।

পাথরবাহী ট্রাকের চালক জাহিদুল জানান, এখানে এসে দুর্ভোগে পড়তে হলো। এমন হলে এ পথে পরিবহনের সংখ্যা কমে যাবে।

এদিকে উদ্বোধনের পর থেকে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী ঘাট দিয়ে নিয়মিত কুঞ্জলতা এবং বেগম সুফিয়া কামাল নামে দুটি ফেরিতে পণ্যবাহীসহ যানবাহন ও যাত্রী পারাপার করছে। শনিবার বিকালে চিলমারী ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল রৌমারী ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে দুটি পণ্যবাহী ট্রাক নামতে পারলেও পন্টুনের র‌্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বাকি পরিবহন নামতে পারেনি। শনিবার বিকাল থেকে ওই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। খরচ কম হওয়ায় এ নৌপথ পণ্য পরিবহনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। দিন দিন গাড়ির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল।

বিআইডব্লিউটিসি চিলমারী-রৌমারী নৌপথের ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।