রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম রেলস্টেশনে এ কর্মসূচি পালন করে জেলার রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রভাষক আব্দুল কাদের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি কলামিস্ট নাহিদ হাসান প্রমুখ।
ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। বলেন, ‘রাজধানীর সঙ্গে দূরত্বের কারণে এমনিতেই ভোগান্তিতে পড়তে হয় দরিদ্রতম ও সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের জনগণকে। রেলের রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে এখন থেকে বাড়তি ভাড়াও গুনতে হবে। এ সিদ্ধান্ত অযৌক্তিক, অবিলম্বে এটি প্রত্যাহার করতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘পুরো রংপুর বিভাগকে নাটোর, চাটমোহর ঘুরে আসতে হয়। বগুড়া-সিরাজগঞ্জ লাইন চালু হলে বাড়তি ১২২ কিলোমিটার পথ কমে আসবে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি চালু করতে হবে।’
জানা গেছে, ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণীর ভাড়া ৫১০ ও ৯৭২ টাকা থেকে বৃদ্ধি করে যথাক্রমে ৬৪৫ ও ১২৩৭ টাকা করা হয়েছে।
অন্যদিকে ঢাকা-রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণীর ভাড়া ৫০৫ ও ৯৬৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ৬৩৫ ও ১২১৪ টাকা। ঢাকা-চিলাহাটি রুটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণীর ভাড়া ৪৯৫ ও ৯৪৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ৬২০ ও ১১৮৫ টাকা। আগামী ৪ মে থেকে কার্যকর হবে ট্রেনের বাড়তি ভাড়া।
প্রসঙ্গত, সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোয় দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে রেল ভ্রমণে ভাড়ার পরিমাণ বাড়ছে।










