ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস গতকাল উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। দিনটিকে স্মরণে রেখে প্রতি বছরের মতো এবারো ত্রিশাল উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ‘চির উন্নত মম শির’-এ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া একটি বিজয় শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিগুলোয় নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী প্রমুখ।