সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়া বাহক হন, শুধু তখনই সন্তানদের এ রোগ হতে পারে। তিনি বলেন, আমরা অনেকেই জানি না কে থ্যালাসিমিয়ার বাহক। এজন্য বিয়ের আগে ছেলে-মেয়েদের থ্যালাসিমিয়া বাহক কি-না সবার জানা উচিত।
রাজধানীর মালিবাগে আজ বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম ও ডা. হুমায়ুন কবির।
মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি ৯ জনে থ্যালাসিমিয়া রোগের বাহক একজন। প্রতিবছর বাংলাদেশ প্রায় ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।
এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।










