ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ রোববার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন ড. নিয়াজ আহমদ খান।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ড. নিয়াজ আহমেদ খান। এদিন বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ওই সময় নিয়াজ আহমেদ খান বলেছিলেন, ‘আমি বর্তমানে ডেপুটেশনে আছি এ পদে। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে ফেরত যেতে চাই। আমি সরকারকে অনুরোধ করব, আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেয়া হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সে জন্য সরকার কিছু সময় নিতে চাইলে সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও তখন জানান তিনি। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘এ পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।’

তিনি বলেন, ‘বিশেষ ধরনের পরিস্থিতিতে এ দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপৎকালীন পরিস্থিতি ছিল। এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশকিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে। তবে আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে। তাদের সহযোগিতায় যা প্রয়োজন আমরা সেটা করব। তারা যেন ধারাবাহিকতাটা বজায় রাখে। তারা যেন তাদের মতো করে সাজিয়ে নিতে পারে।’