সহজে স্যানিটারি ন্যাপকিন পেতে নতুন এক ভেন্ডিং মেশিন উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী সবুজ দাশ ।

এ মেশিনে পাঁচ টাকার কয়েন দিয়ে খুব সহজেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন। স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে মেসেজের মাধ্যমে স্টক শেষ হওয়ার আগেই রিফিল করার জন্য বার্তা দেয়া হবে।

সবুজ জানান, দেশীয় প্রযুক্তিতে মেশিনটি তৈরি করা হয়েছে। প্রচলিত ভেন্ডিং মেশিনের তুলনায় এর খরচ কম হওয়ায় প্রযুক্তিটি সর্বোত্তম ব্যবহারের সুযোগ রয়েছে।

তিনি বলেন, কয়েন ব্যবহার করে স্বল্পমূল্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্যানিটারি ন্যাপকিন সেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ।

প্রকল্পটি তত্ত্বাবধান করেছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, আমাদের দেশে বিশেষত বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যখন শারীরিক পরিবর্তন হয় তখন শুরুর দিকে দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে অস্বস্তি বোধ করেন তারা। সেক্ষেত্রে ভেন্ডিং মেশিন থেকে খুব সহজেই স্বল্পমূল্যে প্যাড সংগ্রহ করতে পারবে।

সাজ্জাদুর রহমান বলেন, মেশিনটি ১০০ থেকে ১২৫ ডলারের মধ্যেই তৈরি করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ যদি এটি তৈরি করতে চায়, আমরা তাদের কারিগরি সহায়তা দেবো।

আইআইটির পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার বলেন, এর মধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলক ব্যবহারের পর উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। ব্যাপকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন ব্যবহারের ফলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং নারীদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছি।