রংপুর বিভাগে আইন-শৃঙ্খলা রক্ষায় ছাত্র-জনতা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। যৌক্তিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশিত পুলিশ বাহিনী গড়তে রাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। মানুষের সহযোগিতা পেলে তারা কাজ শুরু করবেন। গতকাল বিকালে পুলিশ সুপার কার্যালয়ে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এবং মেট্রোপলিটন সদর দপ্তরে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এ বিষয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে যে সময় বা যে কার্যক্রম নেয়া দরকার সে প্রক্রিয়ায় আমরা কুলিয়ে উঠতে পারছি না। তবে দেশের অন্যান্য জায়গার চেয়ে রংপুরের পরিস্থিতি অনেক ভালো। আমি পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছি, তারা যেন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কষ্টের কথাগুলো শোনেন। আমরা মানুষের নিরাপত্তা দিতে চাই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অনেক সময় সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে যে ঘটনা ঘটে তা পুলিশের ইচ্ছায় নয়। আমরা বাসযোগ্য, নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষ সব মানুষের সহযোগিতা প্রয়োজন।’