মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাথায় গাছের ডাল পড়ে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাংবাদিক বিক্রমজিত বর্ধণ মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের মোকামবাজার এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি গাছ কাটার সময় একটি বড় ডাল মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান বিক্রমজিৎ।

এসময় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা বিক্রমের ছেলে। নিহত বিক্রমজিত বর্ধণ বাংলা টিভির শ্রীমঙ্গল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা ছিলেন বিক্রমজিত। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সড়কের পাশে গাছ কাটায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিক্রমের পরিবারের। তারা এখন দায়ীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।