ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
ইসি মাছউদ বলেন, ‘সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আমরা ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই। আর শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পর করা হবে।’
সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আরপিও অনুযায়ী, সংসদের সাধারণ আসনে কোনো দলের প্রাপ্য আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোনো দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়, স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন।










