পলিটেকনিকে ক্রাফট ইনস্ট্রাক্টরদের স্থানান্তর, তাদের প্রমোশন বাতিলসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসসহ দুটি ট্রেন। এ সময় বন্ধ হয়ে যায় দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ। গতকাল দুপুর পৌনে ১২টায় দিনাজপুর জিলা স্কুলের সামনে রেললাইনে বসে অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে প্রায় পৌনে ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা পলিটেকনিক ইনস্টিটিউটে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি জানিয়ে আসছেন। এসব দাবি আদায়ে তারা কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি আদায়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্য তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। যদি তাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে দুপুর পৌনে ১২টা থেকে শিক্ষার্থীদের অবরোধের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও বিরল থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। শুধু তাই নয়, জিলা স্কুলের সামনের রাস্তা দিয়ে রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান জানান, ছাত্ররা ছয় দফা দাবিতে পৌরসভার সামনে রেলক্রসিংয়ের ওপর অবস্থান নেয়। তারা বেলা আড়াইটার সময় রাস্তা ছেড়ে দেয়। বর্তমানে যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।