সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। ঢাকায় দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। এতে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঢাকা ছাড়াও দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে গতকালের তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে। বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।

এ সব তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা- এ পাঁচ বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তিনি বলেন, শুক্রবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।