সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ২০১৮ সালের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তীতে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে তরুণ সমাজের ট্রাফিক নিয়ন্ত্রণ আমাদেরকে নতুন করে পথ দেখিয়েছে। এ সময় তিনি তরুণদের নির্দেশনা নিরাপদ সড়ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন।

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’- এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সড়ক দুর্ঘটনাকে কেবল পরিসংখ্যানের মাধ্যমে তুলনা না করে মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সকল মৃত্যুই বেদনার। কোনো মৃত্যুই ক্ষতিপূরণ দিয়ে মাপা যায় না। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা ও মেনে চলা দরকার।

এ সময় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়ক কার্যক্রম এগিয়ে নিতে ও যানজট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।