চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয়ের পাশে আমগাছের নিচে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে মারা গেছে এক শিক্ষার্থী। রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শ্রী রহিত সিংহ (৬)। সে ৬৭ নম্বর চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম রাজু সিংহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে প্রস্রাব করার কথা বলে বাইরে যায় রহিত। বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে অবস্থান করছিল সে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় শিশুটি।
পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা রহিতকে মৃত ঘোষণা করেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব বজ্রপাতজনিত মৃত্যুর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সরকারি সহায়তা দেয়ার নিয়ম রয়েছে। পরিবার আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










