বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র
চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত
ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন
পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে
গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন
রায় পোদ্দারের সঙ্গে আজ সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ সচিবালয়স্থ তার অফিস কক্ষে ফ্রান্সের
রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে
আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত
ছিলেন।










