চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শহরের ভেতর মহল্লার সড়কগুলোর বেহাল দশা। এর মধ্যে রয়েছে নাজিরপাড়া ছৈয়ালবাড়ী, গুনরাজদী গাজী সড়ক, কোড়ালিয়া লঞ্চঘাট সড়ক, উত্তর খলিশাডুলি আংকুরেন্নেছা মাদ্রাসা সড়ক, পুরান বাজার নিতাইগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক।

জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকা পশ্চিম নাজিরপাড়া ছৈয়ালবাড়ী সড়ক। এ  সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যাতায়াতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।

সড়কটি শহরের মিশন সড়ক থেকে রামকৃষ্ণ আশ্রম ও রেইনবো হাসপাতালের পাশ দিয়ে বের হয়েছে। তাছাড়া মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সংলগ্ন হাজী মহসিন সড়কের সঙ্গে মিলিত হয়েছে সড়কটি। ফলে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি গুরুত্ব অনেক বেশি। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত এলাকাবাসী যাতায়াত করেন। এছাড়া স্কুল, কলেজপড়ুয়া শত শত শিক্ষার্থী রাস্তাটি দিয়ে প্রবেশ করে চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।

অন্যদিকে শহরের কোড়ালিয়া সড়ক দিয়ে লঞ্চঘাট যাওয়ার সড়কটিতেও অসংখ্য স্থানে ফাটল ও বড় গর্ত সৃষ্টি হয়েছে। 

শহরের গুনরাজদী গাজী সড়কটিও বেহাল দশা। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায়। মহল্লার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। পাশাপাশি পুরানবাজার এলাকার নিতাইগঞ্জ এলাকার সড়কটির বিভিন্ন স্থানেও খানাখন্দ দেখা দিয়েছে।

চাঁদপুর  পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, শহরের মহল্লাগুলোর সড়কের সমস্যা নিরসনে শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।