রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের বাসকে ঢাকা নগর পরিবহনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম সোমবার (১১ নভেম্বর) জানান, ঢাকায় যেকোনো বাস চলতে হলে নগর পরিবহনের আওতায় আসতে হবে। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাস কোম্পানিগুলোকে আবেদন করতে বলা হয়েছে। এখন পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে।

নজরুল ইসলাম বলেন, ঢাকার ৪২টি রুটে চলাচলকারী বাসগুলো শুধুমাত্র নগর পরিবহন নামে পরিচালিত হবে। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।

উল্লেখ্য, বাসগুলো কীভাবে চলবে এবং এর জন্য একটি বিজনেস মডেল তৈরি করতে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১১ ডিসেম্বর আবারো এ বিষয়ে আলোচনা করবে।