গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে নারায়ণগঞ্জে। গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করলেও মিলছে না গ্যাস। এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিমাইকাশারী ও নয়াআটিসহ আশপাশ এলাকায় তিন বছর ধরে নিয়মিত গ্যাস পাচ্ছেন না গ্রাহক। তিতাস গ্যাস অফিসে অভিযোগ জানিয়েও সুফল মিলছে না।
সানারপাড়ের সৈয়দ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘ তিন বছর গ্যাস পাচ্ছি না। ঠিকমতো রান্না করতে পারি না। রাত ৩টায় গ্যাস আসে। আবার ৪টায় চলে যায়। তিতাস গ্যাস অফিসে অভিযোগ করে কোনো সুফল পাওয়া যায়নি।’
মাদানীনগরের শাহনাজ পারভীন বলেন, ‘অন্যান্য ওয়ার্ডে গ্যাস থাকলেও আমাদের ওয়ার্ডে দিনে-রাতে গ্যাস থাকে না। গভীর রাতে গ্যাস এলেও ১ অথবা ২ ঘণ্টার মধ্যে আবারো চলে যায়। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছেন। কোনো কাজ হচ্ছে না। আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি চাই।’
সানারপাড়ের এমদাদ হোসেন বলেন, ‘আমাদের এলাকায় নিয়মিত গ্যাস থাকে না। ঠিকমতো রান্না করা যায় না। মাটির চুলায় রান্না করতে হচ্ছে। তার পরও আমরা নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করে যাচ্ছি। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে মহাসড়কে নামতে বাধ্য হয়েছি।’
শুধু সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ও সানারপাড় নয়, পুরো নারায়ণগঞ্জ শহরে গ্যাস সংকট চলছে। ফতুল্লা আদর্শ নগর, ধর্মগঞ্জ, লালপুর লাল খা, সস্তাপুর কাঠেরপুল, কোতোয়ালেরবাগ, সিটি করপোরেশনের মাসদাইর, ইসদাইর, লিচুবাগ, বোয়ালিয়া খাল, দেওভোগ বাবুরাইলসহ বিভিন্ন এলাকায়ও গ্যাসের তীব্র সংকট রয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।
লিচুবাগের বাসিন্দা নাসিমা খাতুন জানান, গ্যাস না পাওয়ার কারণে প্রতিদিনই সকালের নাশতা দুপুরে রেস্তরাঁ থেকে এনে খেতে হচ্ছে। আবার মাস শেষে গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। একবার দুই মাসের গ্যাস বিল বাকেয়া থাকলেই অভিযানের নামেন কর্মকর্তারা। তারা কেটে দেন গ্যাস লাইন। গ্রাহক নিয়মিত গ্যাসের বিল দিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘গ্যাস এখন আমাদের জাতীয় সমস্যা। এলএনজি সরবরাহ নেই। এজন্য সমস্যা হচ্ছে।’
তিন বছর ধরে গ্যাস সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিন বছর ধরে গ্যাস নেই এটা সঠিক নয়। গ্যাস সংকট, তাই রাত-দিন মিলিয়ে গ্যাস আসে এবং যায়। সারা দেশে এখন গ্যাসের সমস্যা।’










