মেহেরপুরের গাংনী উপজেলা শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান(৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত জিল্লুর রহমান একটি হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধ নিয়ে ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে উঠতেই একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলেই জানান ওসি রাজ্জাক।