ফরিদপুরের থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। গতকাল দুপুরে নিজ বাসভবনে মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবে না। সাধারণ মানুষ থানায় গিয়ে যেন ন্যায়বিচার বঞ্চিত না হয়। মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হয়।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার ওসি শেখ সাদীসহ দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।