বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই দেশ থেকে পোশাক রফতানি শুরু হয়। টেক্সটাইল তথা পোশাক শিল্পে যে বিপ্লব ঘটেছে তা কেবল শহীদ জিয়ার অবদান।’ গতকাল বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী আলাউদ্দিন বলেন, ‘নারী নেতৃত্ব হারাম বলার পরও ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী খালেদা জিয়ার কাছ থেকে তিনটি নারী আসন চেয়ে নিয়েছিল। অথচ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। জামায়াত যদি সে সময় এটা না করত তাহলে আওয়ামী লীগের অবস্থা হতো মুসলিম লীগের মতো।’
জামায়াতে ইসলামী সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবেও সংসদে যেতে পারবে না। এটা বুঝতে পেরেই তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।’
শ্যামনগর উপজেলা মহিলা দল আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি নূরজাহান পারভীন ঝর্ণা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, বিএনপি নেতা অধ্যাপক আশিক ইলাহি মুন্না, খান আব্দুস সবুর, আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল কাইয়ুম প্রমুখ।










