কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া কুতুপালং মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) ও শাহিনা বেগম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এ নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ৩ জনের মৃত্যু হয়।
উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।










