মানিকগঞ্জের
হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলার থেকে ১৯টি গরু জীবিত উদ্ধার ও দুটি মৃত
অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা।
সন্ধ্যা ৭টার পর উদ্ধার অভিযান
স্থগিত করে ডুবুরি দল।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির এসব গরু বিক্রি করতে ২৪ ব্যবসায়ী ওই ট্রলারে করে নারায়ণগঞ্জের একটি হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।
ট্রলারে থাকা গরু ব্যাপারী খালেক মিয়া বলেন, ‘তার নয়টি গরু ছিল। এর মধ্যে দুটি উদ্ধার হয়েছে। বাকি সাতটির হদিস পাওয়া যাচ্ছে না।’
গরুর ব্যাপারী চৌহালী উপজেলার মুরাদপুরের মো. নূরুল ইসলাম বলেন, ‘৪৭টি গরু নিয়ে তারা বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জের মগড়াপাড়া হাটে যাচ্ছিলেন। নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি হঠাৎ ডুবে গেছে। ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে।’
খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীতীরে যান স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি বলেন, ‘ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জের হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৯টি গরুর রশি কেটে দেয়া সম্ভব হয়েছে। গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা তীরে ভেড়েন। দুটি গরু মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ট্রলারসহ ২৬টি গরু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।’
এ ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়, ১৯টি গরু উদ্ধার করা গেছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।’
উদ্ধারকাজের সঙ্গে যুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান করা গেছে। নদীতীর থেকে সেটি প্রায় আধা কিলোমিটার দূরে ডুবে রয়েছে। স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় জেলেদের বেড় জাল দিয়ে ডুবন্ত ট্রলারটিকে আটকানো হয়েছে। ট্রলারে থাকা ২৬টি গরু বাঁধা অবস্থায় রয়েছে। রশি দিয়ে বেঁধে টেনে ট্রলারটিকে তীরের কাছে আনার চেষ্টা করা হচ্ছে। তবে স্রোতের কারণে উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।










