মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কোস্টগার্ড, বন বিভাগসহ স্থানীয়রা।
নিখোঁজ ওই পর্যটকের নাম রিয়ানা আবজাল (২৮)। তিনি বিমান বাহিনীর সাবেক পাইলট ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। স্বামী ও পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। তাদের বাড়ি বরিশালে, ঢাকার উত্তরায় থাকেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট একটি বোটে ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে উল্টে যায় বোটটি। এ সময় সবাই নদীতে পড়ে যান।
সুরজিৎ বলেন, কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, আবার কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ রয়েছেন। রিয়ানার সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে।
রিয়ানার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজের প্রবল ঢেউয়ের তোড়ে আমাদের ছোট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে পাওয়া যায়নি।










