প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট পর্যটন বিশারদ, ‘দ্য ট্রাভেল ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের সাবেক প্রধান সাহাবুদ্দিন আহমদ ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত ২১ জুন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২৪ জুন রোড ১৮, সেক্টর-৩, উত্তরা মডেল টাউনের মসজিদ আল-মাগফিরাহ বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি তিন কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি মুজিবনগর সরকারের গার্ড অব অনারের নেতৃত্ব প্রদানকারী মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম এবং অবসরপ্রাপ্ত সচিব ড. হারুনুর রশীদের বড় ভাই।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পাকিস্তানের ট্যুরিজম ব্যুরোর সহযোগী পরিচালক থেকে শুরু করে স্বাধীনতা-উত্তরকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যটন সেল ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগে উপ-প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (জনসংযোগ), বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (শেরাটন হোটেল) পরিচালনা পর্ষদের সচিবের দায়িত্ব পালন করেন।
সাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ পর্যটন শিল্পের নীতিমালা, আইন-কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনের বিবর্ধনে বিশেষ ভূমিকা রাখেন, যার স্বীকৃতি হিসেবে প্যাসিফিক এশিয়া ট্যুরিজম অ্যাসোসিয়েশন (পিএটিএ) ২০১৯ সালে তাকে পিএটিএ গোল্ড মেডেলে ভূষিত করে।










