রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এসব বেড়ে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে সেবা দেয়া হবে। সাধারণ মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চতে অচিরেই সেবাটি চালু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
আজ বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
হাসপাতালে কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফ্লোরগুলো পরিদর্শন করেন এম এ মুহিত। সেখানে সংস্কার করে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘সাধারণ মানুষ যাতে কম খরচে এবং সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে। আমাদের লক্ষ্য হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা এবং প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেয়া। একই সঙ্গে গরিব মানুষ যাতে সহজে কম করেছে উন্নত চিকিৎসা সেবা পায়।’










