পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনে পণ্যবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বড়াল ব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে গেছে।
তিনি বলেন, আমরা তাত্ক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দুটি উদ্ধারের চেষ্টা করা হবে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সেমিনার: শব্দদূষণে শরীরের ক্ষতির দিক ও তা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে পাবনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বন ও পরিবেশ অধিফতরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পাবনা বন ও পরিবেশ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল পাবনা এডওয়ার্ড কলেজের আবদুস সাত্তার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পরিবেশ অধিদফতর, রাজশাহী বিভাগীয় পরিচালক সুফিয়া নাজিম, সিভিল সার্জন ডা. মনিসর রহমান, পাবনা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুল কবির প্রমুখ।










