ঘুরতে বেরিয়ে ফেরার পথে পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগ কুড়িয়ে পান ঠাকুরগাঁওয়ের যুবক শাকির হোসেন সৌরভ। তার ভেতরে ছিল প্রায় ৫ লাখ টাকা। কিন্তু ব্যাগে নাম-ঠিকানা বা অন্য কোনো কাগজ না থাকায় টাকার মালিকের খোঁজে শহরজুড়ে গতকাল মাইকিং করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি প্রশংসায় ভাসেন। ঠাকুরগাঁও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সৌরভ একজন ক্রোকারিজ ব্যবসায়ী। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সৌরভ। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে সেটি তুলে নেন। পরে ব্যাগ খুললে সেখানে প্রায় ৫ লাখ টাকা দেখতে পান। নিশ্চয়ই কেউ ফেসবুকে সে টাকার সন্ধান চালাবেন কিংবা মাইকিং করবেন, তা ভেবেই অপেক্ষায় ছিলেন সৌরভ। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও টাকার মালিকানা দাবি করা কাউকেই পাওয়া যায়নি। তাই প্রকৃত মালিকের সন্ধানে শুরু করেন মাইকিং।

টাকা ফেরত দেয়ার মাইকিং শুনে শহরের ব্যবসায়ী আদম আলী বলেন, এ মাইকিং প্রমাণ করে, মানবতা এখনো বেঁচে আছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। সৌরভের সর্বময় মঙ্গল কামনা করি। তাকে দেখে সমাজ অনেক কিছু শিখতে পারবে।

ব্যবসায়ী সৌরভ বলেন, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ব্যাগটি পড়ে থাকতে দেখি আমি। পরে দেখি সেই ব্যাগ টাকায় ভর্তি, প্রায় পাঁচ লাখ। হতে পারে এ টাকা কারো ব্যবসার মূল পুঁজি। আবার এও হতে পারে কারো স্বপ্ন পূরণের উছিলা। তাই ভেবেছি টাকাটা মালিকের কাছে পৌঁছে দেয়া জরুরি। এজন্যই মাইকিং করে মালিক খোঁজা হচ্ছে। টাকার মালিক স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজের দোকানে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনো আমাদের কাছে কোনো জিডি করেননি। তাই টাকার মালিকের বিষয়ে এখনো আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে মালিক খোঁজার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।