যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ। গত ১৬ এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নাম হিশাম আবুঘরবেহ (২৬)। জামিলের রুমমেট ছিলেন তিনি। হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, জামিলের সাথে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সি অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে বের করতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি জামিলের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










