সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশী মৎস্যচাষী আহত হয়েছেন। আলমগীর সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের বাসিন্দা। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর জানান, সোমবার ভোরে তিনি তার মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা এলাকার বিএসএফ সদস্যরা হঠাৎ তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার শরীরে একাধিক গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় বিজিবির ৩৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। ভোমরা কোম্পানি কমান্ডার জহুরুল ইসলাম বলেন, বিএসএফ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে। আমরা পতাকা বৈঠকে বিষয়টি তুলে ধরেছি। পরে আবারো বৈঠকে তাদের কাছ থেকে জবাব চাওয়া হবে।

বিজিবি জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।