দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার এবং যেসব এলাকায় শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকায় এ বিক্ষোভে ২৫ থেকে ৩০ জন আন্দোলনকারী অংশগ্রহণ করে।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে দেখা যায়।

জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবিতে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণের দিকে আসতে থাকলে সদর উপজেলা মোড়ে পুলিশ তাদের বাধা প্রদান করে। পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত  বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা।