চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও নগরীর শীর্ষ ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে মুখোশধারী কয়েকজন এ হামলা চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
জানা গেছে, একাধিকবার সিআইপি নির্বাচিত হওয়া মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে ৭-৮ জন ব্যক্তি এসে বাড়ির গেট ও পেছনের অংশে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। বিদেশে পলাতক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তাছাড়া বিদেশী মোবাইল নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকারও বেশি চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। চাঁদা না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও মনে করছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে মাইক্রোবাসে আটজনের একটি দল এসে মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। এরপরই তারা পালিয়ে যায়। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।















