চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টার চালক আবুল কাশেম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্রাক্টরটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হননি। তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধা ঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে জানান তিনি।










