ঝালকাঠির কাঠালিয়ায় ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বান্ধাঘাট নামক স্থানে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, সোমবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় ঢাকা থেকে আমুয়াগামী একটি যাত্রীবাহী বাস বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে স্থানীয় ব্যবসায়ী মো. আবু তালুকদারকে (৫০) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তিনি বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারির ব্যবসা করতেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয়, এতে ৩/৪ ঘণ্টা ধরে শতাধিক যানবাহন আটকা পড়ে।

কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।