কেউ পৌরসভার কাউন্সিলর, কেউ শিক্ষক। আবার কেউবা ইউপি সদস্য। নারী হয়েও সামাজিক দায়বদ্ধতা থেকে যোগ দিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কার্যক্রমে। সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন ঘূর্ণিঝড় মোকাবেলায়। এমনই ৮০০ নারী সদস্য রয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। যাদের মধ্যে অনেকেই পেয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পুরস্কার।
সিপিপি সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সিপিপির ১ হাজার ৬০০ সদস্য রয়েছেন। ১ হাজার ৬০০ সদস্যের মধ্যে ৮০০ নারী সদস্য রয়েছেন। ৮০টি ইউনিটে বিভক্ত করা হয়েছে ১ হাজার ৬০০ সদস্যকে। ২০ জন নিয়ে গঠিত একটি ইউনিটে ১০ পুরুষ ও ১০ জন নারী সদস্য রয়েছেন। ৮০টি ইউনিট নিয়ন্ত্রণে ১১টি ইউনিয়নে রয়েছেন ১১ জন টিম লিডার। পুরো উপজেলা টিম নিয়ন্ত্রণে রয়েছেন একজন টিম লিডার। তবে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে পাঁটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সিপিপি ইউনিট নেই। এগুলো হলো করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, দুর্গাপুর, খৈয়াছরা ও বারইয়ারহাট পৌরসভা।
জানা গেছে, প্রত্যেক বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে যাচ্ছেন সিপিপির নারী সদস্যরা। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই দুর্যোগপ্রবণ এলাকায় কাজে নেমে পড়েন তারা। জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে গিয়ে নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে আনেন তারা।
একাধিক সিপিপি নারী সদস্য জানান, তারা জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করে থাকলেও কোনো সম্মানী পান না। তাই অনেক নারী সিপিপির কাজে অনীহা প্রকাশ করেন। আগামীতে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করা নারী সদস্যদের সম্মানী দেয়ার দাবি করেন তারা। এতে কাজের প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে বলে তারা জানান।
২০২১ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পুরস্কারপ্রাপ্ত মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর সিপিপি সদস্য মঞ্জুরা বেগম বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করায় আমি ২০২১ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছি। ঘূর্ণিঝড় মোকাবেলায় পুরুষের পাশাপাশি কাজ করতে পেরে একজন নারী হিসেবে আমি গর্বিত।’
২০২২ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পুরস্কারপ্রাপ্ত সিপিপি সদস্য জরিনা বেগম বলেন, ‘মিরসরাইয়ে ৮০টি ইউনিটে আমরা ৮০০ নারী সদস্য সিপিপির হয়ে স্বেচ্ছাশ্রমে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করে থাকি। তবে আমাদের কোনো পারিশ্রমিক দেয়া হয় না। ন্যূনতম পারিশ্রমিক পেলে নারীরা এ কাজে আরো বেশি সম্পৃক্ত হতেন।’
জানতে চাইলে সিপিপির মিরসরাই উপজেলা টিম লিডার সাইফুল্লাহ দিদার বলেন, ‘মিরসরাইয়ে ১ হাজার ৬০০ সিপিপি সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৮০০ জন নারী। যারা ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন। তবে এ কাজের জন্য সিপিপি সদস্যরা কোনো পারিশ্রমিক পান না।’










