খাগড়াছড়িতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে দীঘিনালা-কবাখালী সড়কের ৮ মাইল এলাকায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়। এতে জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আকস্মিকভাবে চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় দীঘিনালা-কবাখালী সড়কের বিভিন্ন অংশ, নিম্নাঞ্চল ও জামতলী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের বেলুন মেকার শুগতি চাকমা জানান, রাত ১২টার পর থেকে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে জেলা সদরের মুসলিমপাড়া, বটতলী ও ইসলামপুরসহ কয়েকটি নিচু এলাকাতেও চেঙ্গী নদীর পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় দীঘিনালা ও জেলা সদরের নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।