পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ১৩ বছরে বাংলাদেশের শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ খাতে উন্নয়নের ফলে দেশের সার্বিক উন্নয়ন বেগবান হয়েছে।

গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. শাহ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অনেক সীমাবদ্ধতার মাঝে শিক্ষাজীবন পার করেছি। তোমরা হাত বাড়ালেই সব সুযোগ-সুবিধা পাচ্ছ। তোমরা নিজেদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে।