ভারি বর্ষণের ফলে সড়কে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বণিক বার্তাকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা বাঘাইহাটের সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধের খবর পাই। দুপুর আনুমানিক ১২টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সড়কে পানির ঢল থাকার কারণে সড়ক সচল করতে কিছুটা সময়ে লেগেছে।
স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।










