ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ হোসেন রাসেল ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আবদুল মোতালেব লুলু মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে আশুগঞ্জ বাজার এলাকায় থাকতেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে পৌরশহরের কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তার সহযাত্রী তপু নামে একজন আহত হন।










