নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ আসনে আওয়ামী
লীগের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার
কুণ্ডু এ আদেশ দেন।
একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামীকালের
মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোকজন নিয়ে সমাবেশ করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। সমাবেশে বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসা ছিলেন। তবে বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন মুহাম্মদ শাহজাহান ওমর। সম্প্রতি তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। পরে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।










