সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন বিপ্লব।

আজ বুধবার দুপুরে বিশ্বদ্যিালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে দুরন্ত বিপ্লবের বিচরণ ছিল। জনসাধারণের কাছে একজন কৃষিবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিপ্লবের গ্রহণযোগ্যতা ছিল। আমরা চাই এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক বলেন, দুরন্ত বিপ্লব আমাদের বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র। পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ঘটনায় বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

পরিষদের সদস্য সচিব এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, দুরন্ত বিপ্লব আমাদের সাবেক শিক্ষার্থী ও বঙ্গবন্ধু আদর্শের একজন কর্মী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপন করতেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পাশাপাশি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করছি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন দুরন্ত বিপ্লব। পরে ১৩ নভেম্বর নারায়ণগঞ্জের পাগলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে পাগলা নৌ-পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায় বিপ্লবকে হত্যা করা হয়েছে।