টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাযাত্রী দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেলপথের ঢেঁপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবণী আক্তার (৩০) ও একই গ্রামের সনজব আলীর দেড় বছর বয়সী মেয়ে জান্নাতি। নিহত আরেক নারীর পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন আগতেরিল্যা গ্রামের তুলা মিয়ার ছেলে মো. হুমায়ুন (৩৫), সনজব
আলীর স্ত্রী সালেহা বেগম (৪০) ও মোসলেম উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫০)। আহত অন্য দুজনের মধ্যে একজন নারী ও তিন বছরের শিশু রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনমাস্টার মো. আবদুল কাদের জানান, বেলা ১১টা ৫০ মিনিটে একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে ট্রেনটি ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আগতেরিল্যা গ্রামের মো. রফিকুল ইসলাম বলেন, তাদের গ্রাম থেকে সাতজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ভূঞাপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। রেলক্রসিংয়ে ওঠার পরই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন এসে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে রেলওয়ে পুলিশ। আহত পাঁচজনকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে হুমায়ুন নামের একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।










