ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ ১০ জন করে মোট ৮২ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বিজ্ঞানের মূল ভাষা হচ্ছে গণিত। গণিতে ভালো হলে জ্ঞানের সব শাখায় ভালো করা যায়। সর্বোপরি গণিতচর্চা একজন মানুষকে যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলে।’
গণিত শিক্ষা প্রসারে বাংলাদেশ গণিত সমিতি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার দেন। এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।
পুরস্কার বিতরণকালে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত চিন্তাশক্তির বিকাশ ঘটায়। এমনকি কবিতার মধ্যেও গণিতের প্রয়োগ রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং গণিতচর্চার পাশাপাশি বই পড়ার বিশেষ করে বিজ্ঞানী, দার্শনিক ও মনীষীদের গ্রন্থ পড়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।










