পাবনায় ইছামতি নদী পাড়ের প্রায় চার হাজার বসতি উচ্ছেদের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছে ওইসব বসতির বাসিন্দারা। সোমবার সকাল ১০টা থেকে শহরের আব্দুর হামিদ সড়কের পাবনা প্রেস ক্লাবের সামনে এ আমরণ অনশন শুরু হয়।
অনশনকারীরা বলছেন, পাবনা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর দুই পাড়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমির মালিকরা প্রায় ১০০ বছর ধরে বৈধভাবে সরকারের খাজনা খারিজ দিয়ে বসবাস করছে। কিন্তু সম্প্রতি কোনো নোটিস ও আলোচনা এমনকি ক্ষতিপূরণ ছাড়াই নদীপাড়ের প্রায় চার হাজার বসতি উচ্ছেদ করতে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা হুমকির মুখে পড়েছেন।
পাবনা ইছামতি নদীপাড়ের বৈধ বসতি স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু বলেন, ১৯৩৬ সালের সিএস দিয়ারা পেটি, ১৯৬২ সালের এসএ, ১৯৮৫ সালের আরএস এবং ২০১৫ সালের বিএস রেকর্ড সূত্রে জমির মালিক আমরা। এছাড়া হাইকোর্ট বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে। মামলা চলমান থাকা সত্ত্বেও জেলা প্রশাসন আইন অমান্য করে জোরপূর্বক আমাদের বৈধ জমিকে অবৈধ বলে উচ্ছেদ করতে চাচ্ছেন। তিনি আরো বলেন, যতদিন এ সমস্যার সমাধান না হবে, ততদিন আমাদের এ আন্দোলন চলবে, প্রয়োজনে লাশ হয়ে ফিরে যাব।










