সবার জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

ছাত্র ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সভাপতি সাদিক রেজা এবং সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি ও ইলিয়াস জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সমাবেশে জুনায়েদ সাকি বলেন, ‘বড় বড় কোম্পানি, করপোরেট সেক্টরগুলোর উচ্চপদগুলো এখন বিদেশীদের দখলে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষা নেই, যার দ্বারা তারা বিদেশীদের টেক্কা দেবে। এই যে শিক্ষার্থীরা এত চেষ্টা করছে, তাদের চাকরির বয়সসীমা বাড়ানোর জন্য, কিন্তু সরকার সেটা তোয়াক্কা করছে না। নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি তারা সমবেদনা দেখালেও আন্দোলন শেষ হওয়ার পর সে দাবিগুলো আর পূরণ হয়নি। এ সরকার ছাত্র বা সাধারণ মানুষের দাবিগুলোকে অবজ্ঞা করে আসছে। সরকার নিজেদের লুটপাট চালিয়ে যেতে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সব ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। লুটপাট বহাল রেখে সংকট তৈরি করে নিজেদের পকেটে কোটি টাকা ভরে মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। লুটপাটের নতুন নতুন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে, যা পূর্বে লুটপাট করা হয়েছে। এ সরকারকে পরিবর্তন না করলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না।’

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘আজকের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এখন আরেকটি অভ্যুত্থান ঘটানোর সময়, যেখানে ছাত্রসমাজ, সব শ্রেণী-পেশার মানুষকে এক লাইনে দাঁড়াতে হবে।’